× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাত পোহালেই কুলাউড়ায় ২২টি চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ২১:২৯ পিএম

রাত পোহালেই দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন পঞ্চায়েত কমিটির (রেজি. নং বি-৭৭) কেন্দ্রীয় নির্বাচন একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে। 

এর ধারাবাহিকতায় কুলাউড়ার ২২টি চা বাগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন পঞ্চায়েত কমিটির নির্বাচন।  এ নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও প্রার্থীদের গণসংযোগে সরগরম হয়ে উঠেছে প্রতিটি চা বাগানের শ্রমিক লাইন।

আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানে মোট ৮ হাজার ৫৬৫ জন শ্রমিক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। বাগানের অলিগলি, শ্রমিক লাইন ও বিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের  প্রচারণা। দীর্ঘদিন পর ভোটের আয়োজন হওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর প্রকাশিত প্রতীক বরাদ্দের তালিকা অনুযায়ী, উপজেলার ২২টি চা বাগানের পঞ্চায়েত কমিটিতে মোট ৬২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি লংলা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন নাছানা পাশী (তালাচাবি), দীপঙ্কর ঘোষ (টর্চলাইট) ও সঞ্জু অধিকারী (আম)।

উপজেলার নির্বাচনী আওতাধীন চা বাগানগুলো হলো—মুরইছড়া, চাতলাপুর, তিলকপুর, আসগরাবাদ, রাজানগর, সিরাজনগর, লোয়াইউনি, হলিছড়া, কালিটি, ক্লিভডন, দিলদারপুর, তারাপাশা, হিংগাজিয়া, পাল্লাকান্দি, বিজয়া, রাঙ্গীছড়া, রেহানা, বরমচাল, গাজীপুর, ঝিমাই, মেরিনা ও লংলা।

নির্বাচনী প্রচারণায় শ্রমিকদের ন্যায্য মজুরি, রেশন, ভূমির অধিকার, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি প্রতিটি চা বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ, এমবিবিএস চিকিৎসক ও নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্স ও আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

হিংগাজিয়া চা বাগানের স্থায়ী শ্রমিক মিনা গোয়ালা, রঞ্জিত গোয়ালা ও দুলাল মির্ধা  সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। উক্ত বাগানের পঞ্চায়েত সভাপতি পদপ্রার্থী সঞ্জিত গোয়ালা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশা ব্যক্ত করেছেন এবং তিনি জানান আমি ঘোড়া মার্কায় নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছি আশা করছি বড় ব্যবধানে জয় পাব। 

লংলা ভ্যালির সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর চা বাগানের অশোক কুমার গোয়ালা (বাবলু) আশা প্রকাশ করেছেন, তাঁদের প্যানেল বিপুল ভোটে এইবার জয়লাভ করবে।

লংলা ভ্যালি কার্যকরী পরিষদের সহ-সভাপতি পদপ্রার্থী হনুফা বেগম বলেন, প্রচার প্রচারণা খুবই ভালো হয়েছে। আমরা জয়ী হয়ে চা শ্রমিকদের উন্নয়নে কাজ করতে চাই। 

চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক বলেন, দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করেন। 

নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.