গাজীপুরের শালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের পরিকল্পিত ও আকস্মিক হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ জন কর্মকর্তা ও ৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্যকে দেখতে আজ শনিবার আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাদের সঙ্গে কথা বলে সাহস ও মনোবল জোগান এবং সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন নিয়োজিত রয়েছে। গত ২৫ নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর আকস্মিক হামলার ঘটনার পরপরই আহতদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয় এবং মহাপরিচালকের তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন ও চিকিৎসাসেবার বিষয়টি তদারকি করেন। হামলায় আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত এবং আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আঃ রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক বলেন, সালনা এলাকায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সুরক্ষায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে সমস্ত আঘাত সহ্য করেন। এমনকি একটি দোকানে আশ্রয় নেওয়া অবস্থায় দুষ্কৃতকারীরা গরম পানি নিক্ষেপ ও বিভিন্নভাবে হামলা চালালেও বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাহিনীর সদস্যরা নজিরবিহীন ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
মহাপরিচালক আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশনার পর বিজিবি ও পুলিশসহ সকল বাহিনীর সমন্বয়ে দ্রুত রিইনফোর্সমেন্ট পাঠানো হয় এবং মহাসড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণ করে জনজীবন স্বাভাবিক করা হয়। তিনি স্পষ্টভাবে বলেন, এই পরিকল্পিত হামলার ঘটনায় ইতোমধ্যে প্রাথমিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হামলাকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আহত সদস্যদের চিকিৎসা ও বাহিনীর ভবিষ্যৎ অঙ্গীকার প্রসঙ্গে মহাপরিচালক চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি আহত কর্মকর্তা ও সদস্যদের মনোবল অটুট রাখতে আশ্বস্ত করে তিনি বলেন, আহত সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং চরম প্রতিকূল পরিস্থিতিতেও গাজীপুরের নিরাপত্তা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই সাহসিকতা ও আত্মত্যাগ আগামীতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকাকে আরও দৃপ্ত ও সুদৃঢ় করবে। বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা গ্রহণ করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল পরিস্থিতিতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দায়িত্ব পালন করতে গিয়ে আহত সদস্যদের চিকিৎসা, কল্যাণ ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে মহাপরিচালকের সরাসরি তদারকি ও আন্তরিক উদ্যোগ বাহিনীর সদস্যদের প্রতি তার দায়িত্বশীলতা এবং কল্যাণচিন্তারই প্রতিফলন। দায়িত্ব পালনে নিয়োজিত প্রতিটি সদস্যের পাশে থাকা এবং তাদের যথাযথ যত্ন ও সুরক্ষা নিশ্চিত করাকে বাহিনী তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
