আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মোসারফ হোসেন চোকদারের উদ্যোগে ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর শনিবার বিকেলে জনতাবাজার নতুন মার্কেট মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১২ নং ফরাজিকান্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং এলাকার সার্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. মোসারফ হোসেন চোকদার।
বক্তব্যে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "আপনাদের সকলের সহযোগিতায় আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ফরাজিকান্দী ইউনিয়নকে ঘুষখোর, সুদখোর ও মাদকমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলব ইনশাআল্লাহ।"
সমাজসেবক মোখলেছুর রহমান মোল্লার সভাপতিত্বে ও মো. মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা দেওয়ান আব্দুল খালেক মিন্টু, রেজা আহমেদ, লিটন বকাউল, মোহাম্মদ আলী বেপারী, দুলাল মিস্ত্রি, হানিফ বকাউল এবং রিয়াজ উদ্দিন খাঁন প্রমুখ।
মতবিনিময় সভায় ৮ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।