বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে রবিবার রাজধানীর খিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-হামুদি ও তাঁর প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে দায়িত্ব পালনরত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এবং দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও কর্তব্যপরায়ণতার ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে মহাপরিচালক বাহিনীর চলমান আধুনিকায়ন কার্যক্রম এবং আনসার-ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে আনসার-ভিডিপি কল্যাণ ট্রাস্ট ও প্রান্তিক শক্তি লিমিটেডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীমুক্ত, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক ও উপহার বিনিময় করা হয়। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসিসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএই দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।