ছবি: সংবাদ সারাবেলা।
রংপুর নগরীর প্রেসক্লাব বিপনি বিতান মার্কেটের সামনে পড়ে থাকা রসি দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল। রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর ধর্মসভা মন্দিরের বিপরীতে প্রেসক্লাব মার্কেটের সম্মুখ থেকে এটি উদ্ধার করা হয়।
এর আগে, সকাল সাতটার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে ককটেল সদৃশ বস্তুটি দুবৃত্তরা ছুড়ে মারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী হকাররা। এরপর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
দুর্ঘটনা এড়াতে ককটেল সদৃশ্য বস্তুটি বালতিতে রাখা হয়। এটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষ বলছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এটি প্রেসক্লাব এলাকায় ছুড়েছে দুবৃত্তরা।
প্রত্যক্ষদর্শী পত্রিকা বিক্রেতা জাকির হোসেন বলেন, আমার সামনে দিয়ে মোটরসাইকেল যাচ্ছিলেন। তখন গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটা শব্দ হয়। শব্দ হওয়ার পর দেখি, একজন আমার হাতে কিছু একটা দিয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করি, ‘এটা কী?’ তখন সে বলে, ‘বোমা।’ এরপর সে আমার দিকে ছুড়ে দেয়। আমি তাকে বলি, ‘তুই এটা কী করলি? বোমা হলে সামনে ফেলে দে।’ তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি।
এরপর আবার সে আসে এবং ধরার চেষ্টা করে। পরে কী হয়েছে, তা আর ঠিক মনে নেই। ঘটনাটি আনুমানিক সাড়ে ৭টার দিকে ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, আজকের ঘটনাটি হলো, একটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি এখানে একটি বস্তু রেখে চলে যায়। এরপর আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি।র্যাবের একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে এসেছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বলতে পারবে, বস্তুটির ভেতরে আসলে কী রয়েছে। যদি এটি ককটেল বা বোমা হয়ে থাকে, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন পর্যন্ত আমাদের কাছে এটাই তথ্য।
তিনি আরও বলেন, এখনো মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের তদন্ত শুরু হয়েছে।
এ ধরনের ঘটনা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সনাতন চক্রবর্তী বলেন, আমার কাছে মনে হচ্ছে, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে। এখানে একটি মন্দিরও রয়েছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী এই মন্দিরে এসেছিলেন। এ ছাড়া এলাকাটি রংপুর মহানগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সুতরাং এখানে এ ধরনের ঘটনা ঘটানো অবশ্যই আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হচ্ছে। এর পেছনে যারা রয়েছে, তারা যেই হোক না কেন, আমরা অবশ্যই তাদের খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব।
এদিকে, সকাল এগারোটার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বালতিতে রাখা বস্তুটি নিষ্ক্রিয় করতে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে এসআরবি-১৩-এর এএসপি মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করব।
এটি কী ধরনের বস্তু এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করিনি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং প্রতিবেদন দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
