বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে, যা ২০২৭ সালের জানুয়ারির মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বুধবার এক সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এ ঘোষণা দেন।
উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক কর্মবাজারে তাদের প্রতিযোগিতাক্ষম করে তোলা। পরিকল্পনায় আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয়সহ আটটি ভাষা অন্তর্ভুক্ত থাকলেও প্রাথমিকভাবে আরবি, জাপানি, কোরীয়, চীনা ও ইতালীয়কে অগ্রাধিকার দেওয়া হবে। কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা চালু হবে তা নির্ধারিত হবে আঞ্চলিক চাহিদা, সক্ষমতা ও অবকাঠামোর ভিত্তিতে, যাতে দেশের সব বিভাগ এ কর্মসূচির আওতায় আসে।
বর্তমানে ১০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র আছে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ১৩টি ভাষা শেখানো হয়। প্রশিক্ষিত শিক্ষক তৈরি ও প্রয়োজনে বিদেশি ভাষা বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ারও পরিকল্পনা আছে কমিশনের। বিএমইটির তথ্য বিশ্লেষণ করে কোন অঞ্চলে কোন ভাষার চাহিদা বেশি তা চিহ্নিত করা হবে।
অধ্যাপক মামুন জানান, কেন্দ্রগুলোর জন্য জনবল কাঠামো তৈরি, আধুনিক ভাষা ল্যাব স্থাপন ও প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবে ইউজিসি। পাশাপাশি কেন্দ্রগুলো যাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না হয় এবং শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শিক্ষা পায়, তা নিশ্চিত করতে নজরদারি থাকবে।