ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ আন্তঃঅনুষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সেকশন লিডরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানি। সভাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদা। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশের খান অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
সভায় ক্লাস পরিচালনার পদ্ধতি, শৃঙ্খলাসংক্রান্ত বিষয়, চলমান তদন্ত, ক্যাম্পাসের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান জনাব মো. শাহরিয়ার বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। তিনি শৃঙ্খলাসংক্রান্ত বিষয়, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, ব্যবস্থাপনা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়জুড়ে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, একাডেমিক উৎকর্ষতা নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।