আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭ এর ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘স্যারের একটি আবদার রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের একাংশে আমরা একটি ফুটসাল গ্রাউন্ড করে দিতে চাই। স্যারের কথার পরিপ্রেক্ষিতে আমি আমাদের প্রশাসককে বলেছি, আপনি একটি করবেন, আমিও একটি ফুটসাল গ্রাউন্ড করে দেব।’
তিনি আরও বলেন, প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে এত সুন্দর গ্যালারি দেখে তিনি অভিভূত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্য উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, এ স্টেডিয়াম থেকেই একসময় অলিম্পিয়ান সাইদুর রহমান ডন ও বাংলাদেশের দ্রুততম মানবী সুফিয়া খাতুনের মতো ক্রীড়াবিদ তৈরি হয়েছেন। সাম্প্রতিক সময়ে শিরিন ও নার্গিসের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ও উঠে এসেছেন। স্টেডিয়ামটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের পাশাপাশি রাতে খেলার ব্যবস্থা করার স্বপ্নের কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘আমার স্বপ্ন, এই বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামটি যেন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, সে ব্যবস্থা নিশ্চয়ই তিনি করবেন। এই স্টেডিয়ামে শুধু দিনে নয়, রাতেও খেলার ব্যবস্থা করা হবে।’
উল্লেখ্য, নয় দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশগ্রহণ করেন। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল।