ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশে ঢাকা তারকাদের জীবনের পেছনে থাকে ভিন্ন এক বাস্তবতা। সেই অজানা বাস্তবতার গল্পই এবার দর্শকদের সামনে তুলে ধরবে বিজয় টিভির নতুন পডকাস্ট শো ‘স্টারকাস্ট’। জনপ্রিয় উপস্থাপক সজল খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে ভিন্ন স্বাদের এক আয়োজন।
‘স্টারকাস্ট’-এ অংশ নেবেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের পরিচিত তারকারা। এখানে থাকবে খোলামেলা আড্ডা, যেখানে অতিথিরা শেয়ার করবেন তাদের জীবনের নানা অজানা অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুতে বাধা, সাফল্যের পেছনের সংগ্রাম, ব্যর্থতার কষ্ট কিংবা ব্যক্তিগত জীবনের আবেগ—সবকিছুই উঠে আসবে সহজ ভাষায়।
অনুষ্ঠানটির বিশেষত্ব হলো এর আন্তরিকতা। প্রচলিত সাক্ষাৎকারের বাইরে গিয়ে এখানে তারকারা নিজেদের মতো করে কথা বলার সুযোগ পাবেন। ফলে দর্শকরা প্রিয় তারকাদের মানবিক দিক, তাদের চিন্তা-ভাবনা এবং জীবনের অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারবেন।
বিজয় টিভি সূত্রে জানা গেছে, ‘স্টারকাস্ট’ প্রতি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রচারিত হবে। প্রতিটি পর্বে নতুন নতুন তারকা অতিথি উপস্থিত থেকে নিজেদের গল্প শোনাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান সময়ে দর্শকরা শুধু বিনোদন নয়, বরং তারকাদের বাস্তব জীবনের গল্প শুনতেও আগ্রহী। সেই দিক বিবেচনায় ‘স্টারকাস্ট’ হতে পারে একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা দর্শকদের সঙ্গে তারকাদের দূরত্ব কমিয়ে আনবে এবং তৈরি করবে নতুন ধরনের সংযোগ।