× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ফ্যামিলি টাইমে'র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!

বিনোদন ডেস্ক।

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

সিনেমার কাজের ব্যস্ততা থেকে একটু অবসর পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েন টলিউড সুপারস্টার দেব। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘দেশু ৭’-এর কাজ প্রায় শেষের দিকে। তাই সুযোগ পেয়েই মা-বাবা ও বোনকে নিয়ে সপরিবারে টাকি ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। তবে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েও যেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ভুলতে পারলেন না দেব! দুই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য চালাচালিতে ফের সামনে এসেছে পুরনো রসায়নের ইঙ্গিত।

শুক্রবার সন্ধ্যায় দেব ও শুভশ্রী তাঁদের আসন্ন সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের ঘোষণা দেন। দেব-শুভশ্রীর রোম্যান্টিক উপস্থিতির সেই পোস্ট ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে গানের ঘোষণার চেয়েও বেশি নজর কেড়েছে দুই তারকার মন্তব্যের পাল্টাপাল্টি।

দেবের পারিবারিক ছুটির ছবি দেখেই পুরনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ টেনে মজার ছলে অভিনেতাকে খোঁচা দেন শুভশ্রী। তিনি লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব!’

শুভশ্রীর এই মন্তব্যের নেপথ্যে রয়েছে গত বছরের একটি বিতর্ক। ‘ধূমকেতু’র প্রচারে এক সাক্ষাৎকারে দেব শুভশ্রীর চেহারায় আগের মতো ‘ইনোসেন্স’ নেই বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি তাঁর মা হয়ে যাওয়ার প্রসঙ্গও টেনেছিলেন অভিনেতা। সেই মন্তব্য নিয়ে তখন কম আলোচনা হয়নি।

এবার পুরনো সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে শুভশ্রীর রসিক খোঁচার জবাবও দিয়েছেন দেব। তিনি লিখেছেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।’

তবে দেবের এই জবাব আসলে তাঁদের নতুন সিনেমার ‘তোর শুধু তোর’ গানের কথারই অংশ। তারপরও দুই তারকার এমন মজার কথোপকথন অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি পুরনো সেই দেব-শুভশ্রী সমীকরণ আবারও ফিরছে?

এর আগে ‘ইনোসেন্স’ মন্তব্যকে কেন্দ্র করে দুই তারকার বন্ধুত্বেও দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, সেই বিতর্কের পর শুভশ্রীর ফোন নম্বর পর্যন্ত মুছে দিয়েছিলেন তিনি। পরে আবার ‘অভিনেত্রী শুভশ্রী’ নামে নম্বরটি সংরক্ষণ করেছিলেন। তবে এবার সাক্ষাৎকারে সেই নাম বদলে আবার ‘শুভ’ নামে নম্বরটি সংরক্ষণ করেন দেব।

সব মিলিয়ে নতুন সিনেমার গান প্রকাশের আগেই দেব-শুভশ্রীর ভার্চুয়াল কথোপকথন অনুরাগীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। শনিবার প্রতিশ্রুতি অনুযায়ী প্রকাশ্যে এসেছে ‘তোর শুধু তোর’ গানের ঝলকও। সেখানে জুটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এমন এক বার্তা, যা তাঁদের সম্পর্কের নস্টালজিয়াকেই আরও উসকে দিয়েছে—কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না, শুধু ফিরে আসার পথ খুঁজে নেয়।

এখন অপেক্ষা পুজোর। বড় পর্দায় ‘দেশু’ জুটির নতুন রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটিই দেখার।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.