× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক মঞ্চে তিন কিংবদন্তি, টরন্টো মাতাতে প্রস্তুত বন্যা-শিবলী ও নিপা

বিনোদন ডেস্ক।

১১ নভেম্বর ২০২৬, ১৪:০০ পিএম

ছবি: সংগৃহীত।

কানাডার টরন্টোতে এক মঞ্চে মিলিত হচ্ছেন বাংলাদেশের সংগীত ও নৃত্যজগতের তিন কিংবদন্তি। রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বাংলাদেশের নৃত্যাঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্র শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা ইতোমধ্যে টরন্টোতে পৌঁছেছেন। আগামী শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’ ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ও মহড়া।

টরন্টোতে পৌঁছেই তিন কিংবদন্তি শিল্পী অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের উপস্থিতিতে স্থানীয় শিল্পীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

অনুষ্ঠানটির আয়োজক নাহিদ নাসরীন নয়ন জানান, গত ৭ ও ৮ নভেম্বর টরন্টোর ৪৬ জন নৃত্যশিল্পীকে নিয়ে দুই দিনব্যাপী বিশেষ নৃত্য কর্মশালা পরিচালনা করেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা বাংলাদেশের এই দুই কিংবদন্তি নৃত্যশিল্পীর কাছ থেকে সরাসরি নৃত্যের তাল, লয়, মুদ্রা, অভিব্যক্তি ও পরিবেশনার নানা কৌশল শেখার সুযোগ পান।

কর্মশালা শেষে এখন চলছে মূল অনুষ্ঠানের জন্য নিবিড় মহড়া। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় নৃত্যশিল্পীরা প্রস্তুত করছেন বিশেষ নৃত্য পরিবেশনা। আয়োজকদের প্রত্যাশা, বাংলাদেশের ধ্রুপদি ও সৃজনশীল নৃত্যধারার এক অনন্য উপস্থাপনা দেখতে পাবেন টরন্টোর দর্শকরা।

অন্যদিকে, রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাও টরন্টোতে পৌঁছেই সংগীতের মহড়া শুরু করেছেন। বিশেষ সংগীতায়োজনে তার কণ্ঠে রবীন্দ্রনাথের কালজয়ী গান পরিবেশিত হবে। বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলাসহ দেশীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে সাজানো হচ্ছে ব্যতিক্রমী সংগীত পরিবেশনা। রবীন্দ্রসংগীতের চিরায়ত আবেদনকে নতুন মাত্রায় তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।

আয়োজক নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘মোমেন্টস উইথ লিজেন্ডস শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। বাংলাদেশের তিনজন কিংবদন্তি শিল্পীকে একই মঞ্চে উপস্থাপন করা এবং তাদের সঙ্গে টরন্টোর স্থানীয় শিল্পীদের সম্পৃক্ত করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।’

তিনি আরও জানান, অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও আয়োজক দলের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

আগামী শনিবার (১৪ নভেম্বর) নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে (১৯০ রেইলসাইড রোড) অনুষ্ঠিত হবে ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’। বিকাল সাড়ে ৫টায় দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে মূল অনুষ্ঠান।

আয়োজকদের আশা, রবীন্দ্রসংগীতের মাধুর্য, নৃত্যের ছন্দ এবং দেশীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের অনন্য সংমিশ্রণে ১৪ নভেম্বরের সন্ধ্যা হয়ে উঠবে টরন্টোর বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের এক স্মরণীয় অধ্যায়।

তিন কিংবদন্তির উপস্থিতিতে সুর, তাল ও ছন্দের এক অপূর্ব মিলনমেলার অপেক্ষায় এখন টরন্টোর সংস্কৃতিপ্রেমীরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.