× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘ ৫ বছরের খরা কাটিয়ে ফিরছে ‘মিরাক্কেল’

বিনোদন ডেস্ক।

১২ নভেম্বর ২০২৬, ১৫:৫৪ পিএম

ছবি: সংগৃহীত।

হাসির খোরাক জোগাতে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় আবারও ঝড় তুলতে আসছে বাংলা টেলিভিশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে ও ধামাকা আয়োজনে অনুষ্ঠানটি ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে হাসির এই মহাযজ্ঞ।

দর্শকপ্রিয় উপস্থাপক মীর আফসার আলীর চটজলদি জবাব আর বুদ্ধিদীপ্ত সঞ্চালনায় একসময় বাংলা টেলিভিশন কাঁপিয়েছিল ‘মিরাক্কেল’। টিআরপির শীর্ষে থাকা এই শো-এর হাত ধরেই বহু কৌতুকশিল্পী শোবিজ অঙ্গনে নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছিলেন।

কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে ছোটপর্দায় এই জনপ্রিয় শো-টি অনুপস্থিত থাকায় দর্শকদের মনে এক ধরণের আক্ষেপ তৈরি হয়েছিল। সেই আক্ষেপ দূর করতেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোয়ের একটি দারুণ প্রোমো প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নতুন মৌসুমের ঘোষণা আসতেই চারদিকে শুরু হয়েছে হইচই। দেশের গণ্ডি পেরিয়ে সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিক বাছাইপর্ব শেষে শুরু হবে মূল লড়াই, যেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় মাতবেন নির্বাচিত প্রতিযোগীরা।

অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ফেব্রুয়ারি মাসেই পর্দায় ফিরবে মিরাক্কেল। তবে বিচারকের আসনে কাদের দেখা যাবে, তা নিয়ে আলোচনা চলছে।’

দর্শকদের দীর্ঘদিনের দাবি—বিচারকদের আসনে যেন আবারও দেখা মেলে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকে। এ ছাড়া আগের মৌসুমের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ ও মেন্টরকেও নতুন আয়োজনে যুক্ত করার জোর সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

দীর্ঘ বিরতির পর মীরের সেই চিরচেনা হাসি আর প্রতিযোগীদের কৌতুকময় পারফরম্যান্স কি আবারও আগের মতো জাদু ছড়াতে পারবে? উত্তর মিলবে আগামী ফেব্রুয়ারিতেই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.