× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গানেই স্বপ্ন বুনছেন তরুণ শিল্পী নুসরাত

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১৭ নভেম্বর ২০২৬, ১৬:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

গানের প্রতি গভীর ভালোবাসা আর শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তরুণ সংগীতশিল্পী নুসরাত বিনতে নূর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর বিশেষ আগ্রহ। পারিবারিক নানা বাধা ও জীবনের প্রতিকূলতা পেরিয়ে আবারও সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করতে চান তিনি। গানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন নুসরাত। সংগীতের পাশাপাশি মডেলিং ও অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান এই শিল্পী।

নুসরাতের পৈতৃক বাড়ি বরিশাল বিভাগের বাকেরগঞ্জে। তবে তাঁর জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুরে, নানাবাড়িতে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। সংগীতের প্রতি ভালোবাসার শুরুটা মূলত মায়ের হাত ধরে। তাঁর মা ইসলামি গজল গাইতেন। মায়ের কণ্ঠে গান শুনতে শুনতেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় নুসরাতের।

ফরিদপুর গার্লস স্কুলে পড়াশোনার সময় থেকেই গানের চর্চা শুরু করেন তিনি। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় টেলিভিশনে দেখে শেখা ‘বাবা বলেছিল আর কোনোদিন গান করোনা’ ছিল তাঁর প্রথম কাভার গান। গানটি তাঁর মায়েরও বেশ পছন্দ ছিল। ছোটবেলা থেকেই সুর ও তালের প্রতি সহজাত দক্ষতা তাঁকে সংগীতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

তবে নুসরাতের সংগীতযাত্রা সব সময় মসৃণ ছিল না। কিছু মানুষের নেতিবাচক আচরণের কারণে একসময় গান থেকে সাময়িক বিরতি নিতে বাধ্য হন তিনি। পরে নানা বাধা পেরিয়ে আবারও সংগীতে ফিরে আসেন।

নুসরাতের গাওয়া ‘শাহে মদিনা’ গজলটি শ্রোতাদের কাছে পরিচিতি পায়। এ ছাড়া নিজের লেখা গান ‘কবুল করে নাও’ ২০২৩ সালে প্রকাশের পর সাড়া ফেলে। গানটি ইউটিউব মালিক সমিতির পক্ষ থেকে পুরস্কারও অর্জন করে বলে জানান তিনি। ব্যক্তিগত কিছু প্রতিকূলতার কারণে একসময় গানটি সরিয়ে নিতে হলেও বর্তমানে নতুন চ্যানেলে আবারও প্রকাশ করেছেন নুসরাত।

বাংলা গজলের পাশাপাশি বেশ কয়েকটি উর্দু গজলও গেয়েছেন তিনি। তাঁর পেশাদার সংগীতকাজের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে ফেমাস টিউনে। এসব গানের মাস্টারিং করেছেন মোহাম্মদ পিয়াস।

২০২৬ সালে তিনটি জনপ্রিয় গান কাভার করেছেন নুসরাত। গানগুলো হলো—‘ওহে শ্যাম’, ‘মনের ভিতরে মনের বাহিরে’ এবং ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে’। এসব মূল গানের সঙ্গে যুক্ত শিল্পীদের মধ্যে রয়েছেন মনির খান, ন্যান্সি, কনা, ইমরান মাহমুদ ও হাবিব ওয়াহিদ।

সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নুসরাত বলেন, গানই তাঁর ধ্যান-ধারণা। গান নিয়েই বেঁচে থাকতে চান তিনি। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। এই পথচলায় মা তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সমর্থনদাতা। তবে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পান না বলে জানান তিনি। তবু দমে যেতে চান না এই শিল্পী।

আন্তরিক চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়—এমনটাই বিশ্বাস নুসরাতের। ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য। সংগীতের পথে এগিয়ে যেতে সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.