ইসরায়েলি হামলা ও অবরোধে বহু বছর ধরে বিপর্যস্ত গাজা উপত্যকার মানুষের জন্য এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ২৭১ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে তুরস্ক।
মঙ্গলবার (১৯ আগস্ট) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোশ্যালে এ তথ্য জানায় দেশটির যোগাযোগ অধিদপ্তর।
সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সব আন্তর্জাতিক মঞ্চে গাজার পক্ষে সোচ্চার থেকেছে এবং বিশ্বকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। অবরুদ্ধ গাজার মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষে মৃত্যুর মুখে পড়লেও তাদের পাশে দাঁড়াতে দেশটি নিরলস তৎপরতা চালিয়ে যাচ্ছে।
যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬টি জাহাজ ও ১৪টি বিমানযোগে গাজায় পাঠানো হয়েছে বিপুল পরিমাণ ত্রাণ। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত যত্ন কিট, স্বাস্থ্যবিধি সামগ্রী, হাজারের বেশি জেনারেটর, মোবাইল রান্নাঘর, অস্থায়ী আশ্রয় কনটেইনার, তাবু, কম্বল, স্লিপিং ব্যাগ ও আশ্রয় সামগ্রী।
খাদ্য সহায়তার মধ্যে পাঠানো হয়েছে ২৫ হাজার টনের বেশি খাদ্যপণ্য, ৬৫ হাজার টনের বেশি আটা, তিন হাজার টনের বেশি পানীয় জল। পাশাপাশি গাজার শিশুদের জন্য পাঠানো হয়েছে পোশাক ও খেলনার সেট।
চিকিৎসা সহায়তার অংশ হিসেবে তুরস্ক গাজায় স্থাপন করেছে আটটি ফিল্ড হাসপাতাল, পাঠিয়েছে ৫৩টি অ্যাম্বুলেন্স ও প্রায় ২৫০ টন ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম। এছাড়া গাজা থেকে ৪৩০ জন রোগী ও তাদের ৪৫০ জন স্বজনকে বিমানযোগে তুরস্কে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে দেশটি।
এর পাশাপাশি তুরস্কের রেড ক্রিসেন্ট ও দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) মাধ্যমে গাজায় আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে সাত দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার। যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, গাজার মানুষের জন্য তুরস্কের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।