× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি, অন্তত ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত।

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৪০ জন মারা গেছেন।

বুধবার (২২ অক্টোবর) রাতের এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ জন অভিবাসী তিউনিসিয়ার উপকূলে এই নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। দেশটির এক কর্মকর্তার মতে, বুধবারের এই দুর্ঘটনাটি এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা। ওই কর্মকর্তা জানান, প্রায় ৭০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে তিউনিসিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের সন্ধানে ইউরোপে পৌঁছাতে চাওয়া এসব মানুষের জন্য দেশটি প্রধান পথ হয়ে উঠেছে। তিউনিশিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে প্রবেশের প্রথম নোঙর পয়েন্ট হিসেবে অভিবাসীরা এই দ্বীপকে বেছে নেন।

প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন এবং বৈরী আবহাওয়ার কারণে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন।

দেশটির স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এই সময়ে তিউনিসিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় নিহত বা নিখোঁজ হয়েছেন ৬০০ থেকে ৭০০ অভিবাসী। আর ২০২৩ সালে সমুদ্র পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে ১ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসীর প্রাণহানি হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.