অবৈধ তেল বাণিজ্য এবং জাহাজ থেকে জাহাজে পণ্য পরিবহনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইরানের সাথে সংযুক্ত তিনটি তেল ট্যাঙ্কার আটক করেছে ভারত।গত ১৫ ফেব্রুয়ারি আরব সাগরের ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে 'স্টেলার রুবি', 'অ্যাসফল্ট স্টার' এবং 'আল জাফজিয়া' নামে এই তিনটি জাহাজ আটক করা হয়।
আটক এলাকাটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত।
ভারতীয় কোস্টগার্ড বাহিনী তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, জব্দকৃত এই তিনটি জাহাজই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এবং নজরদারি এড়াতে এগুলো প্রায়ই নিজেদের নাম পরিবর্তন করে চলাচল করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ভারতের কোস্টগার্ড প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করে একটি পোস্ট দিলেও পরে রহস্যজনকভাবে সেটি মুছে ফেলে।
এই ঘটনার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি জানিয়েছে, জাহাজ তিনটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, 'স্টেলার রুবি' ও 'আল জাফজিয়া'র মালিকানা ইরানের এবং 'অ্যাসফল্ট স্টার' জাহাজটির মালিক চীন।
ধারণা করা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চোরাই পথে ইরানি তেল নিয়ে জাহাজগুলো চীনের দিকে যাচ্ছিল। বর্তমানে জাহাজ তিনটি মুম্বাই বন্দরে রাখা হয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অধিকতর তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্র- রয়টার্স