সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে জাহাজে হামলার খবর দিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। এছাড়া ওমান উপকূলে আরেকটি জাহাজের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও নাবিকেরা নিরাপদ রয়েছেন। একই সময়ে তেহরানে নতুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে, আর ইসরায়েল জানিয়েছে তারা ইরানে ব্যাপক হামলা শুরু করেছে। খবর আল জাজিরা
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উপকূলের কাছে একটি জাহাজের নিকটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজ ও নাবিকেরা নিরাপদ আছেন।
সংস্থাটি জানায়, ওমানের রাজধানী মাসকাটের পূর্বে ১৩৭ নটিক্যাল মাইল দূরে একটি ঘটনার খবর তারা পেয়েছে। জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, জাহাজের খুব কাছে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরে পানিতে ধোঁয়া দেখা যায়। তবে জাহাজ ও ক্রুরা নিরাপদ রয়েছে। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর কিছুক্ষণের মধ্যেই ইউকেএমটিও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও আরেকটি ঘটনার কথা জানায়। সংস্থাটির ভাষ্য, ফুজাইরাহর পূর্বে ৭ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজ অজ্ঞাত কোনও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, জাহাজটির স্টিল প্লেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগেনি এবং জাহাজে পানি ঢোকেনি। সব নাবিক নিরাপদ আছেন। ঘটনাটি তদন্তাধীন।
এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, গত এক ঘণ্টায় রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে।