মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট করে তুলে ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল দাবি করেছে, তারা তেহরানে অবস্থিত ইরানের সামরিক কমান্ড সেন্টার, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিভিন্ন কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে এই হামলা পরিচালনা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, কেবল ক্ষেপণাস্ত্র ঘাঁটিই নয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করতে একটি বিশেষ ‘মিসাইল ডিফেন্স কমান্ড সেন্টার’ এবং বেশ কিছু বিমান প্রতিরক্ষা সরঞ্জামকেও নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এই হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে তেহরান এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি রাজধানীর সামরিক স্থাপনায় এই হামলা ইরান-ইসরায়েল সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়ে দিল।