× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেতানিয়াহুর সুর নরম, ইরানের সাথে চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ মার্চ ২০২৬, ১৫:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার বিষয়ে মিথ্যা খবর প্রচার করছেন বলে অভিযোগ ইরানের। সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ভুয়া খবর প্রচার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা হয়নি।

এদিকে, ইরানের সাথে চুক্তির সম্ভাবনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সব পক্ষকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। এরমধ্যেই চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা।

যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের শান্তি আলোচনা হয়নি। শান্তি আলোচনার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সোমবার এই অভিযোগ করেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যুদ্ধের সমাপ্তি না, মূলত তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ইচ্ছাকৃতভাবে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র আলোচনায় যেতে আগ্রহী, মিত্র দেশ থেকে এমন কিছু তথ্য পাচ্ছে ইরান।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সুরও এখন অনেকটা নমনীয়। সোমবার মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন নেতানিয়াহু। পরে এক ভিডিও বার্তায় বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন হয়েছে। ইরানের সাথে  দ্রুতই একটি চুক্তিতে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

এদিকে, বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর বিষয়টি পাঁচদিনের জন্য স্থগিত করলেও ইরানের বিভিন্ন শহরে চলছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা। মঙ্গলবার ভোরে ইরানের তেহরানসহ আশেপাশের শহরে কয়েক দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাজধানীর একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলায় এক অধ্যাপক ও তার দুই সন্তান নিহত হয়েছে। এ পর্যন্ত ইরানে নিহত সংখ্যা এক হাজার পাঁচশো ছাড়িয়েছে।

যুদ্ধের ২৫তম দিনে পাল্টা ইসরাইল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। রকেট ও মিসাইল হামলা চলছে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে। বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে মার্কিন মিত্ররা। তবে ইরানের একের পর এক হামলায় ইসরাইলের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সত্যতা না মেলায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে, যুদ্ধ ও শত্রুতা বন্ধ করে সব পক্ষকে সমঝোতায় আসার জন্য আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.