× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেল সংকটে এবার ‘সবকিছুর সংকট’— নতুন বিপর্যয়ে বিশ্ব অর্থনীতি?

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ এপ্রিল ২০২৬, ২১:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এক মাস পার হতেই বৈশ্বিক জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ কমে গেছে, ফলে শুধু তেলের দাম নয়—প্লাস্টিকসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের কাঁচামালেও তৈরি হয়েছে বড় সংকট।

বিশেষজ্ঞদের মতে, এই সংকট দ্রুত ছড়িয়ে পড়ছে পেট্রোকেমিক্যাল শিল্পে, যার প্রভাব পড়ছে জুতা, পোশাক, প্লাস্টিক ব্যাগ, খাবারের প্যাকেট, প্রসাধনী, খেলনা—এমনকি চিকিৎসা সামগ্রীতেও। সবচেয়ে বেশি চাপ অনুভূত হচ্ছে এশিয়ায়, কারণ বৈশ্বিক উৎপাদনের বড় অংশ এখানেই হয় এবং অঞ্চলটি তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

দক্ষিণ কোরিয়ায় মানুষ ট্র্যাশ ব্যাগ কিনতে হুড়োহুড়ি শুরু করেছে। তাইওয়ান শিল্পকারখানাগুলোর জন্য প্লাস্টিক সংকট মোকাবিলায় হটলাইন চালু করেছে। জাপানে আশঙ্কা দেখা দিয়েছে, ডায়ালাইসিসের প্লাস্টিক টিউবের ঘাটতির। এতে কিডনি রোগীদের চিকিৎসা ব্যাহত হতে পারে। মালয়েশিয়ায় রাবার ল্যাটেক্স তৈরির উপাদান সংকটে মেডিক্যাল গ্লাভসের বৈশ্বিক সরবরাহও ঝুঁকিতে পড়েছে।

বিশ্লেষকদের মতে, তেলের সংকট দ্রুতই প্লাস্টিক, রাবার ও পলিয়েস্টারের দামে প্রভাব ফেলছে। বাজার গবেষণা সংস্থা ICIS জানিয়েছে, এশিয়ায় প্লাস্টিক রেজিনের দাম যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ ৫৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। থাইল্যান্ডে প্লাস্টিক প্যাকেটের দাম বেড়েছে ১০ শতাংশ, ভারতে প্লাস্টিক বোতলের ঢাকনার দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

অন্যদিকে, শুধু প্লাস্টিক নয়—মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ হওয়া সার তৈরির সালফার, ইউরিয়া, অ্যামোনিয়া ও হিলিয়াম সংকটও বিশ্বজুড়ে খাদ্য ও প্রযুক্তি খাতে নতুন মূল্যস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সতর্ক করে বলেছে, এই যুদ্ধের প্রভাব শেষ পর্যন্ত উচ্চ মূল্যস্ফীতি ও ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ডেকে আনবে।

এদিকে বিভিন্ন দেশ জরুরি তেল মজুত ছাড়লেও বড় সংকট তৈরি হয়েছে ন্যাফথা নিয়ে—যা প্লাস্টিক ও সিনথেটিক পণ্য তৈরির প্রধান কাঁচামাল। পর্যাপ্ত বিকল্প না থাকায় অনেক এশীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি উৎপাদন কমিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ আজই থেমে গেলেও এশিয়ার প্লাস্টিক খাত পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। সূত্র: সিএনএন


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.