× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধবিরতি ঘোষণার খবরে ইরানীরা ক্ষুব্ধ

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত।

দুই সপ্তাহের জন্য থামছে লড়াই। কিন্তু তেহরানের রাস্তায় মানুষের মুখে একটাই প্রশ্ন–‘কেন?’ মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের আল্টিমেটামের মাত্র দুই ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তিনি। অথচ তার আগে হুমকি দিয়েছিলেন, চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’ হবে ইরান।

হঠাৎ এই উল্টোপথে হাঁটার ঘটনায় বিশ্ব যখন বিস্মিত, তখন তেহরানের সাধারণ মানুষ ব্যক্ত করছেন হতাশা।

এমনকি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকে। হাতে জাতীয় পতাকা। গাড়ির জানলা দিয়ে উড়ছে সবুজ-লাল-সাদা রং। এক মহিলা গাড়ির ভেতর থেকে সরাসরি বলেন: ‘আমরা দুবার আলোচনার টেবিলে বসেছি, আর ওরা হামলা চালিয়েছে।

এই যুদ্ধবিরতিও নিশ্চয়ই নিজেদের শক্তি ফিরে পাওয়ার জন্য।’

আরেক ইরানি নারীর কণ্ঠে তিক্ততা আরো স্পষ্ট: ‘আমেরিকার স্বভাব কি বদলায়? বুঝতে পারছি না, কেন তারা হামলা বন্ধে রাজি হলো। সব সময়ের মতোই ইসরায়েলের জন্য সময় কিনতে চাইছে তারা।

এমন সময় পাশের আরেক মহিলা চিৎকার করে ওঠেন–‘আমাদের নেতা শহীদ হয়েছেন।’

‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার খবরেও হতাশ ইরানিরা ।

তেহরানের এনঘেলাব চত্বরে জড়ো হয়েছেন শত শত মানুষ। পতাকা হাতে সড়কে ভিড়। এক গাড়ির মহিলা সরাসরি প্রশ্ন তোলেন: “আমরা কেন যুদ্ধবিরতি করব? এখানে লেখা ছিল, ‘হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’ এখন সেটা আবার খুলে গেছে।”

আরেক নারীর দাবি, নতুন নেতৃত্ব এখনো যুদ্ধবিরতি মেনে নেননি: “নতুন সুপ্রিম লিডার নিজে যদি এসে বলেন ‘হ্যাঁ’, তবে আমরা মেনে নেব।

কিন্তু তিনি বলেননি। ওঁর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

কার জয়? কার পরাজয়?

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে নিজেদের জয় হিসেবে দাবি করেছে। তাদের বক্তব্য, ট্রাম্প ইরানের শর্তেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন।

কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন লিভিট একেবারে উল্টো কথা বলেছেন: “সত্য হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের শক্তিশালী সামরিক বাহিনী ইরানকে হরমুজ প্রণালি খুলতে বাধ্য করেছে। এবং আলোচনা চলবে।”

সবশেষে তেহরানের গাড়ি চলছে। পতাকা উড়ছে। কিন্তু মুখে কোনো উল্লাস নেই। বরং আছে সন্দেহ, ক্ষোভ আর একটাই প্রশ্ন–‘কেন হঠাৎ যুদ্ধবিরতি?’

সূত্র : রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.