হরমুজ প্রণালিতে ইরানিয়ান গানবোট থেকে একটি ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সমুদ্রবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, তারা একটি ট্যাংকারে হামলার তথ্য পেয়েছে।
ইউকেএমটিওর ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে এ গুলি ছোড়া হয়। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ওমান উপকূলের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে। ট্যাংকারটির ক্যাপ্টেন জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গানবোট থেকে গুলি চালানো হয়। তবে এতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব ক্রু সদস্য নিরাপদে আছেন।
হরমুজ প্রণালিতে এমন ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্বে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে প্রায়ই এখানে নিরাপত্তা ঝুঁকি বাড়ে।
সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা, সামরিক মহড়া এবং পারস্পরিক সন্দেহের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা বা উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করবে।