হরমুজ প্রণালি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ইরান। বন্দর ও জাহাজের ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে। এমনকি ফি দিয়ে চলাচলের যে সুযোগ ছিল সেটাও বন্ধ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা বাতিল করা হয়েছে।
আইআরজিসির নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের মতে, ইরানের ওপর মার্কিন অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতার মধ্যে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তারা শর্ত হিসেবে উল্লেখ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে এই প্রণালি বন্ধ করে দেবে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।