× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ জুলাই ২০২৬, ১৯:৩৮ পিএম

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা। ধোঁয়াচ্ছন্ন আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী রবিবার দিবাগত রাতে (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আরও প্রায় ৫০ হাজার মানুষ খেলা উপভোগ করবেন। 

কানাডার অন্টারিও প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে দেশটির বৃহত্তম শহর টরন্টো। এর ফলে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে টরন্টো। একই সঙ্গে ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কানাডার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টরন্টোর এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স ১০ প্লাসে পৌঁছেছে, যা ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ হিসেবে বিবেচিত। কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

দাবানলের ধোঁয়া ইতোমধ্যে নিউইয়র্ক, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মেইন ও নিউ হ্যাম্পশায়ারেও ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত ধোঁয়ার প্রভাব থাকতে পারে। তাই শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, বর্তমানে টরন্টোর বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত। শহরটি এ তালিকায় কিনশাসা ও নয়াদিল্লিকেও ছাড়িয়ে গেছে।

কানাডাজুড়ে বর্তমানে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১১২টি এখনো নিয়ন্ত্রণের বাইরে। চলতি মৌসুমে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে। পরিস্থিতির কারণে অন্টারিওর কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। সূত্র: আলজাজিরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.