× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি প্রকাশ করেছেন।  তবে তার এই দাবি যুক্তরাষ্ট্রের আগের সরকারি গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে নির্বাচনের ফলাফলে চীনের কোনো প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। খবর জিও নিউজের

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় ২৫ মিনিটের দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, চীন অবৈধভাবে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছে।  এসব তথ্যের মধ্যে ভোটারদের নাম, ঠিকানা এবং ভোটার নিবন্ধনের বিভিন্ন তথ্য রয়েছে। 

তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন।

তবে ২০২১ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ মূল্যায়নে বলা হয়েছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটার নিবন্ধন, ভোটগ্রহণ, ভোট গণনা বা ফলাফল পরিবর্তনের জন্য কোনো বিদেশি শক্তি প্রযুক্তিগতভাবে হস্তক্ষেপ করেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেই মূল্যায়ন করা হয়েছিল ট্রাম্প প্রশাসনের তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জন র্যাটক্লিফের নেতৃত্বে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প আবারও নির্বাচনী নিরাপত্তাকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছেন। রিপাবলিকানদের প্রতি তার আহ্বান, ভোট দিতে বাধ্যতামূলক পরিচয়পত্র ও নাগরিকত্ব যাচাইয়ের বিধান চালু করতে হবে।

যদিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তদন্তে দেখা গেছে, দেশটির নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা খুবই বিরল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের বক্তব্যের আগে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের আশঙ্কা ছিল, চীন-সংক্রান্ত তথ্য প্রকাশ করলে তা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের চীনবিরোধী কঠোর বক্তব্য এমন সময়ে এসেছে, যখন গত বছরের ব্যয়বহুল বাণিজ্যযুদ্ধের পর দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বৈঠকের আশা করছেন ট্রাম্প।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘চীন কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। ‘

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন, নির্বাচনে কারচুপি হয়েছে। তিনি ডাকযোগে ভোট, ভোটিং মেশিন এবং অ-নাগরিকদের ভোট দেওয়া নিয়েও নানা অভিযোগ তুলেছেন।

তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত এবং একাধিকবার ভোট পুনর্গণনার পরও বড় ধরনের কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।

ট্রাম্প দাবি করেন, প্রকাশিত নথিগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার ‘ভয়াবহ দুর্বলতা’ তুলে ধরবে। কিন্তু নথিগুলোর অনেকগুলোই তার দাবির সঙ্গে মিল খায় না।

একটি সিআইএ নথিতে যুক্তরাষ্ট্র নয়, ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে।  আরেকটি নথিতে বলা হয়েছে, ভোট গণনার ব্যবস্থায় এমনভাবে হস্তক্ষেপ করা অত্যন্ত কঠিন, যাতে নির্বাচনের ফলাফল বদলে যায়। 

আরও একটি সিআইএ প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গোয়েন্দারা জো বাইডেনের নির্বাচনী প্রচারণাকে লক্ষ্যবস্তু করেছিল। তবে সেখানে এটিও উল্লেখ করা হয়েছে যে, ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তনের উদ্দেশ্যে গোপনে হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা তখন চীনের ছিল না, যদিও ভবিষ্যতে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে বলে সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল।

এদিকে সিনেটের গোয়েন্দা কমিটির ভাইস চেয়ারম্যান ও ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার ট্রাম্পের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একমত যে ২০২০ সালের নির্বাচনে চীন একটি ভোটও পরিবর্তনের চেষ্টা করেনি। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.