× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট-ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে দাবানল নিয়ন্ত্রণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ হেলিকপ্টারের এক ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ নামের হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছাকাছি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনায় আরও দুই ক্রু সদস্য ‘মারাত্মকভাবে আহত’ হয়েছিলেন। এ ছাড়া নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এনআইএফসি জানিয়েছে, ভয়াবহ দাবানল পরিস্থিতি এবং খাড়া ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের কাছে পৌঁছাতে পারেনি। শনিবার মৃতদেহগুলো উদ্ধার করা হলেও নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএফসি ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া এলাকাটির সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট বলেন, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণের কাজ পুনরায় শুরু করার আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মীরা ‘কৌশলগত বিরতি’ নিয়েছিলেন।

তিনি বলেন, ‘এটি আমাদের কার্যক্রমে কোনো ধরনের বাধা ফেলবে না। আমরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা আমাদের দমকলকর্মীদের সহায়তা করার জন্য বিমান ব্যবহার করব।’

উটাহর গভর্নর স্পেন্সার কক্স বনাঞ্চলে আগুন নেভানোর কাজকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে অন্যতম’ বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাতের কারণে ওয়াইডমাউথ ২ দাবানলের সূত্রপাত হয়। এরপর থেকে এটি ১ লাখ ১১ হাজার একরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। ফলে এটি এ বছর উটাহর বৃহত্তম দাবানলে পরিণত হতে যাচ্ছে।

শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ২৪ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের ধরণ এখনও নিকটবর্তী জনবসতির জন্য হুমকি হয়ে আছে।

চলতি গ্রীষ্মে উটাহতে এটি দ্বিতীয় প্রাণঘাতী দাবানলের ঘটনা। গত জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল মোকাবিলা করতে গিয়ে তিনজন দমকলকর্মী নিহত হন। পরে ওই ঘটনায় আহত হয়ে আরও একজন দমকলকর্মীও মারা যান।

সূত্র : আল জাজিরা 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.