× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির নতুন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি ভিডিওটি প্রকাশ করেছে। মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনা-কল্পনার মধ্যেই ভিডিওটি সামনে এসেছে।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

মেহের নিউজ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির একটি ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে।

১২ সেকেন্ডের ভিডিওতে মোজতবাকে সুস্থ অবস্থায় দেখা গেছে। এ সময় চারপাশে থাকা লোকজনের সঙ্গে তিনি কথা বলছেন। গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন। যদিও ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

এর আগে গত ২০ মার্চ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মোজতবার একটি ভিডিও শেয়ার করেছিল। ওই সময় এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছিল, প্রথমবারের মতো আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় বিজ্ঞান শিক্ষার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

গত ৮ মার্চ ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে একাধিক লিখিত বিবৃতি দিয়েছেন। কিন্তু এ সময়ে তার কোনো ছবি বা রেকর্ডিং পাওয়া যায়নি। ৫৬ বছর বয়সী মোজতবাকে গত মাসে তার বাবার দাফনেও দেখা যায়নি।

চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মোজতবার সঙ্গে যোগাযোগ করা এই মুহূর্তে খুবই কঠিন। কিন্তু তা সত্ত্বেও তার উপস্থিতি তাদের জন্য ‘শক্তির এক বিরাট উৎস’। এটি তাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করে বলেও তিনি জানান।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দাবি করেন, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গেছেন। এ ছাড়া ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৪ সম্প্রতি জানিয়েছে, মোজতবার অবস্থা ‘গুরুতর’।

সূত্র : এনডিটিভি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.