হরমুজ প্রণালীতে নতুন একটি সামুদ্রিক পথ স্থাপনের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি জানান, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচলের জন্য বিদ্যমান সামুদ্রিক পথগুলো নতুন রুট দিয়ে প্রতিস্থাপনের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। বর্তমানে দুই দেশের বিশেষজ্ঞরা নতুন পথগুলোর মানচিত্র তৈরির কাজ করছেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, নতুন সামুদ্রিক রুট নির্ধারণের আলোচনা মানেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নয়।
আরাঘচির ভাষ্য, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় বিষয়গুলো জানানো হয়েছে বলেও জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানের সঙ্গে চলমান আলোচনা মূলত প্রযুক্তিগত ও আইনি বিষয়কেন্দ্রিক। এর লক্ষ্য ১৯৬৮ সালে নির্ধারিত সামুদ্রিক পথগুলোর পরিবর্তে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পথ নির্ধারণ করা।
তিনি আরও জানান, সাম্প্রতিক যুদ্ধের কারণে বিদ্যমান সামুদ্রিক পথগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। এ কারণে ইরান ও ওমানের বিশেষজ্ঞরা নতুন রুট নির্ধারণে কাজ করছেন।
আরাঘচি বলেন, নতুন সামুদ্রিক পথগুলো নির্ধারণ হয়ে গেলে হরমুজ প্রণালী পুনরায় খোলার সময় সেগুলো ব্যবহার করা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হয়। ফলে নতুন সামুদ্রিক রুট নির্ধারণের এই উদ্যোগ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আল জাজিরা