× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্পেনের টমেটো ‘মাখামাখি’র উৎসবে মেতে উঠল বিশ্বের হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ আগস্ট ২০২৬, ১৭:৫৪ পিএম

ছবি: সংগৃহীত।

স্পেনের বুনোল শহরে অনুষ্ঠিত হলো বার্ষিক ‘লা তোমাতিনা’ উৎসব। বুধবার (২৬ আগস্ট) পাকা টমেটো ছোড়াছুড়ির এই উৎসবে প্রায় ১৬৫ টন টমেটো ব্যবহার করা হয়। এক ঘণ্টার এই উৎসবে অংশ নিতে শহরটিতে জড়ো হন বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর আগস্টের শেষ বুধবার এই উৎসব অনুষ্ঠিত হয়। ১৯৪৫ সালে একটি খাবার ছোড়াছুড়ির ঘটনা থেকেই এই উৎসবের শুরু। শহরটিতে এক ঘণ্টা ধরে চলে এই টমেটো ছোড়াছুড়ির উৎসব। উৎসবের আগে ভবনগুলো ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়।

স্পেনের তৎকালীন স্বৈরশাসক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ১৯৫০-এর দশকে উৎসবটি নিষিদ্ধ করেছিলেন। তবে ১৯৮০-এর দশকে টেলিভিশনে প্রচারের পর এটি আবার জনপ্রিয় হয়ে ওঠে। পরে এটি স্পেনের জাতীয় উৎসব এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।

এ বছর ২০ হাজারের বেশি মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হয়। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, গত তিন বছরে অংশগ্রহণকারীদের প্রায় ৪০ শতাংশই ছিলেন স্পেনের বাইরের পর্যটক।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় পর্যটকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে ২০১১ সালের বলিউড সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র ভূমিকা রয়েছে। সিনেমাটিতে তিন বন্ধু স্পেনে ঘুরতে গিয়ে লা তোমাতিনা উৎসবে অংশ নেয়। এর মাধ্যমে অনেক ভারতীয়ের কাছে এই উৎসব পরিচিত হয়ে ওঠে।

মুম্বাইয়ের ২৭ বছর বয়সী রোমাইল খোখারও সিনেমাটি দেখে প্রথম বুনোলে আসার আগ্রহ পান। বুধবার তিনি তৃতীয়বারের মতো এই টমেটো উৎসবে অংশ নেন। বলেন, ‘আমার সত্যিই খুব ভালো লাগছে। এটা আমার দেখা সেরা উৎসব। এখানে আমি অনেক আনন্দ করি।’

ফ্লোরিডা, লন্ডন, আমস্টারডাম, কলম্বিয়ার সুতামারচান এবং ভারতের হায়দরাবাদেও একই ধরনের টমেটো ছোড়াছুড়ির আয়োজন হয়েছে।

স্থানীয় বাসিন্দা নন—এমন অংশগ্রহণকারীদের টিকিটের দাম ১৫ ইউরো বা ১৭.৫০ ডলার। উৎসবের প্রথম এবং একমাত্র নিয়ম হলো, টমেটো ছোড়ার আগে তা চেপে নরম করে নিতে হবে, যাতে কেউ আহত না হন। তারপরও অনেক অংশগ্রহণকারী নিরাপত্তার জন্য সাঁতারের গগলস ও কানে প্লাগ ব্যবহার করেন।

এক ঘণ্টা শেষ হলে কামানের শব্দে উৎসব শেষ হওয়ার ঘোষণা দেয়া হয়। এরপর অংশগ্রহণকারীরা সবাই মিলে গোসল করেন। পরে শহরের রাস্তাগুলোও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়।

টমেটোর দাগ কাপড় থেকে পুরোপুরি না উঠলেও টমেটোর সাইট্রিক অ্যাসিড পরিষ্কার করার কাজে সাহায্য করে। ফলে অনেক সময় উৎসবের পর বুনোলের রাস্তাগুলো আগের চেয়েও পরিষ্কার হয়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.