× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক।

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৮ পিএম

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো জানিয়েছেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করবে না রোম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ক্রোসেতো বলেন, বাব আল-মান্দেব দিয়ে চলাচল নিরাপদ রাখতে ইতালির প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। নৌপথটি বন্ধ হয়ে গেলে এর অর্থনৈতিক প্রভাব গুরুতর হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ইউরোপীয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইতালিকে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে বাব আল-মান্দেব প্রণালি। ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক নৌ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে সুয়েজ খালের সঙ্গে যুক্ত তেল, গ্যাস ও কনটেইনারবাহী জাহাজ চলাচল করে। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ৩০ কিলোমিটার। ঐতিহাসিকভাবে বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই নৌপথ দিয়ে চলাচল করেছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতিদের অগ্রগতির কারণে বাব আল-মান্দেবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। হুতিরা কৌশলগত পেরিম দ্বীপসহ প্রণালিসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পর নৌপথটির ওপর তাদের প্রভাব আরও বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, ইতালি ইতোমধ্যে বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় ইইউর অ্যাসপিডেস (Aspides) মিশনে অংশ নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে রোম আলাদা একটি নৌ মিশনের প্রস্তুতি নিচ্ছে। ইতালির মোট বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ সুয়েজ খালের ওপর নির্ভরশীল হওয়ায় বাব আল-মান্দেবের নিরাপত্তা দেশটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক হুতি অগ্রগতির ফলে সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প নৌপথ হিসেবেও বাব আল-মান্দেবের গুরুত্ব বেড়েছে। ফলে প্রণালিটির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও তীব্র হয়েছে। সূত্র: আলজাজিরা


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.