ইরানের সঙ্গে সব ফ্লাইট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর প্রশাসন।
ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সিতে (আইএনএ) প্রকাশিত এক বিবৃতিতে বিমানবন্দর প্রশাসন জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনার ভিত্তিতে ইরান থেকে আসা এবং ইরানের উদ্দেশে ছেড়ে যাওয়া সব ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর দুইটা থেকে স্থগিতাদেশ কার্যকর হয়েছে। আন্তর্জাতিক মান সময় অনুযায়ী তখন বৃহস্পতিবার রাত ১১টা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বহাল থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিমান সংস্থা ও অন্যান্য পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বিষয়টি জানাতে বলা হয়েছে। ইরানের সঙ্গে ফ্লাইট চলাচল আবার শুরু করার সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা ঘোষণা করে, বুধবার ভোর থেকে তেহরান থেকে ইরাকের রাজধানী বাগদাদ এবং ওমানের রাজধানী মাস্কাটগামী ফ্লাইট বাতিল করা হবে। সেই ঘোষণার পর নাজাফ বিমানবন্দর ইরানের সঙ্গে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত জানাল।
এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানি বিমান সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। নাজাফ বিমানবন্দরের ঘোষণার আগে তার এই বক্তব্য আসে।
সূত্র: আনাদোলু এজেন্সি