× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম

ছবি: সংগৃহীত।

ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলার আগে প্রচলিত আগাম সতর্কবার্তা না পাওয়ার কথা জানিয়েছে কিয়েভ। একইসঙ্গে, ট্রাম্পের ঘোষিত জ্বালানি খাতে যুদ্ধবিরতি রাশিয়া লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তুলেছে ইউক্রেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর), ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, রুশ বাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল একটি তাপবিদ্যুৎকেন্দ্র।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, একটি বহুতল আবাসিক ভবনে রুশ হামলায় দু'জন নিহত হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘আবারও আমাদের অংশীদারদের কাছ থেকে কোনো আগাম সতর্কবার্তা পাওয়া যায়নি।’

তবে কেন এবার আগাম সতর্কতা দেওয়া হয়নি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তার মতে, এসব হামলা থেকে স্পষ্ট যে ট্রাম্পের ঘোষিত জ্বালানি খাতের যুদ্ধবিরতি মেনে চলার বাধ্যবাধকতা রাশিয়া অনুভব করছে না।

গত রোববার, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। তবে সংঘাতে জড়িত কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ যুদ্ধবিরতি নিশ্চিত করেনি।

এদিকে, রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কির ওপর চাপ দিয়ে আসছেন ট্রাম্প। সম্প্রতি, রাশিয়ার ডিজেল রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছেন তিনি।

আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে এ পদক্ষেপ সহায়ক হবে বলে যুক্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধের লক্ষ্যে কিয়েভ ও মস্কো: উভয় পক্ষের সঙ্গেই কাজ করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘আমরা তাদের সহায়তা করছি এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছি।’

ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা পাওয়া এবং রাশিয়ার সামরিক স্থাপনায় হামলার লক্ষ্য নির্ধারণ, উভয় ক্ষেত্রেই, ইউক্রেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও কর্মকর্তারা।

রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে পরে জানাবো।’

রাশিয়ার ডিজেল রফতানি থেকে পাওয়া অর্থ দিয়ে আরও বোমা কেনা হতে পারে কি না, জানতে চাইলে প্রশ্নটি এড়িয়ে যান তিনি।

ট্রাম্প বলেন, ‘এটি ডিজেল চুক্তি, আমাদের জন্য নয়। এটি বিশ্ববাজারে সরবরাহ করা হচ্ছে, আমাদের কাছে নয়।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.