ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগান দেওয়া হয়নি বলে দাবি করেছেন কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ। শুক্রবার বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর তিনি এ কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান মাসুদ দাবি করেন, বিক্ষোভে ‘মুক্ত কাশ্মীর’ স্লোগান একবারও দেওয়া হয়নি। এ ধরনের স্লোগানের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন বলেও জানান।
ইমরান মাসুদ বলেন, ‘সেখানে মুক্ত কাশ্মীরের পক্ষে কোনো স্লোগান দেওয়া হয়নি, একটিও নয়। আমি সবার সামনে দাঁড়িয়ে এ ধরনের স্লোগানের তীব্র নিন্দা জানিয়েছি এবং বলেছি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জম্মু ও কাশ্মীর-সম্পর্কিত পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। তার অভিযোগ, এসব পোস্টার লাগিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ইমরান মাসুদ বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। ছাত্র সংসদ পুনর্বহাল না করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা কেন করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, তাদের দাবিগুলো পর্যালোচনা এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে কমিটি। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ১৮ অক্টোবরের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।