ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে।
ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ফার্স নিউজ।
প্রতিবেদেনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন— হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে।
ইরানের বিচার বিভাগের অভিযোগ, বিক্ষোভের সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রোলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। এ ছাড়া কারাজ শহরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেন এবং সরকারি স্থাপনা ভাঙচুর করেন। এতে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরান সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।