× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেক্স।

১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম

ছবি: সংগৃহীত।

বন উজাড় ঠেকাতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ার শিল্পী কিরশা কেশেলে। প্রাচীন বনাঞ্চল রক্ষায় অর্থ সংগ্রহের জন্য তিনি চালু করেছেন প্রাপ্তবয়স্কদের কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম ‘অনলি ফার্নস’। পর্নোগ্রাফিক ভিডিও দেখার বিনিময়ে দর্শকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা দিয়ে বনাঞ্চল রক্ষার পরিকল্পনা করেছেন তিনি। তবে ব্যতিক্রমী এই উদ্যোগ ঘিরে প্রশংসার পাশাপাশি পরিবেশবাদীদের সমালোচনাও তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরশা কেশেলে তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টের (মোনা) প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী। বন সংরক্ষণকে অর্থনৈতিকভাবে টেকসই করার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এতে তাসমানিয়ার বনাঞ্চল ও করাতকলকে ঘিরে তৈরি করা হয়েছে ১২টি প্রাপ্তবয়স্কদের ভিডিও।

প্রকল্পটির বিশেষত্ব হলো, বন উজাড়ের সঙ্গে যুক্ত শ্রমিকদেরই বন সংরক্ষণের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সাধারণত যেসব শ্রমিক গাছ কাটার কাজে নিয়োজিত, তাদের অর্থের বিনিময়ে বনাঞ্চলে কাঠের হাঁটার পথ ও শিল্পকর্ম তৈরির কাজে নিয়োগ দেওয়া হবে। এতে গাছ না কেটেও তাদের কর্মসংস্থান ও আয় বজায় থাকবে বলে আশা করছেন কেশেলে।

তার ভাষ্য, পরিবেশ সংরক্ষণের অনেক আন্দোলনে বনশ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। এতে শ্রমিক ও পরিবেশবাদীদের মধ্যে বিরোধ তৈরি হয়। কিন্তু শ্রমিকদের বাদ দিয়ে বন রক্ষা করা বাস্তবসম্মত নয়। তাই প্রকল্পের সফলতার জন্য তাদের কর্মঘণ্টা ও আয় অক্ষুণ্ন রাখা জরুরি।

এ প্রকল্পের ভিডিও তৈরির সব খরচ বহন করেছে মোনা ও কেশেলে। এতে অভিনয়শিল্পী, নির্মাণকর্মী এবং সংশ্লিষ্টদের পারিশ্রমিক দেওয়া হয়েছে। পাশাপাশি একটি প্রামাণ্যচিত্র ও বইও তৈরি করা হচ্ছে। কাঠের শিল্পকর্ম তৈরিতে স্থানীয় করাতকলগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পে অংশ নিতে প্রায় ২০ জন অনলি ফ্যানস কনটেন্ট নির্মাতা তাসমানিয়ার বার্নি শহরে যান। সেখানে করাতকল ও বনাঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়। ভিডিওগুলোতে পশুর পোশাক পরা অভিনয়শিল্পীদের পাশাপাশি বনশ্রমিক ও পরিবেশবাদীদের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতারা।

তবে প্রকল্পটির আয় কত হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। দর্শকদের আগ্রহ ও সাবস্ক্রিপশনের ওপর নির্ভর করবে কত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে। কেশেলের আশা, দর্শকদের পাশাপাশি তার স্বামী এবং অন্য দাতারাও এতে আর্থিক সহায়তা দিতে পারেন।

কিন্তু বন রক্ষার নামে কাঠশিল্পের সঙ্গে সহযোগিতার এই উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে পরিবেশবাদী সংগঠনগুলো। জুলাইয়ে ফরেস্ট কংগ্রেস থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দ্য ওয়াইল্ডারনেস সোসাইটি। তাদের অভিযোগ, কাঠশিল্পের সঙ্গে সমঝোতা করে বন উজাড়ের মূল সমস্যার সমাধান সম্ভব নয়। সংগঠনটির দাবি, বনশিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষতিকর বাণিজ্যিক ও শিল্পচর্চা সংশোধনে কার্যকর পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে বব ব্রাউন ফাউন্ডেশন প্রকল্পটিকে ‘কাঠ কাটা সমর্থনকারী পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, প্রাচীন বনভূমির মাত্র ৩ থেকে ৪ শতাংশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি ৯৬ শতাংশ বন উজাড় ও পুড়িয়ে ফেলার ঝুঁকিতে থেকে যাচ্ছে। তাদের মতে, বন ধ্বংসের মতো গুরুতর সংকট কোনো শিল্পকর্মের প্রদর্শনী দিয়ে সমাধান করা যাবে না।

কেশেলে অবশ্য বলছেন, যেসব প্রাচীন বন রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর গুরুত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতবিরোধ নেই। বনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এসব বন সংরক্ষণের উদ্যোগে অংশ নিচ্ছেন। তার লক্ষ্য, বন রক্ষার পাশাপাশি শ্রমিকদের অর্থনৈতিক ক্ষতি এড়ানো।

২০২৩ সালে কেশেলে পরিবেশবাদী, বিজ্ঞানী, আদিবাসী পালাওয়া জনগোষ্ঠীর প্রবীণ এবং বনশিল্পের প্রতিনিধিদের নিয়ে ফরেস্ট কংগ্রেস গঠন করেন। অনলি ফার্নস সেই উদ্যোগেরই একটি অংশ। তার বিশ্বাস, বন সংরক্ষণের জন্য শুধু আন্দোলন নয়, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাও তৈরি করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.