ছবি: সংগৃহীত।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার ভিত আরও দুর্বল হলো। দেশটির পার্লামেন্ট নেসেটের স্পিকার পদে বিরোধী জোটের প্রার্থী মাতান কাহানাকে নির্বাচিত করেছেন আইনপ্রণেতারা। এর মধ্য দিয়ে পার্লামেন্টের কার্যসূচি ও আইন প্রণয়নের ওপর বিরোধীদের নিয়ন্ত্রণ আরও বাড়ল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ৬৬ আইনপ্রণেতার সমর্থন পান গাদি আইজেনকোটের দল ইয়াশারের নেতা মাতান কাহানা। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির আমির ওহানার স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে স্পিকার পদে ক্ষমতাসীন জোটের প্রার্থী ওফির কাটজ পান ৫২ ভোট।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান নেতানিয়াহু। ১২০ আসনের নেসেটে তার ডানপন্থি ও কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। বিপরীতে বিরোধী জোটের আসন ৬৭টি। এর মধ্যে চারটি ইহুদি দলের আসন ৪৮টি এবং দুটি আরব দলের আসন ১৯টি।
চলতি মাসের শুরুতে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠনের জন্য তার হাতে আরও সাড়ে চার সপ্তাহ সময় রয়েছে। তবে নতুন সরকার গঠনের পথ এখনো বেশ কঠিন।
এরই মধ্যে পার্লামেন্টের অধিবেশন, গুরুত্বপূর্ণ পদ এবং আইন প্রণয়নের কার্যসূচির নিয়ন্ত্রণ নিয়েছে আইজেনকোটের জোট। নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত ক্ষমতায় থাকলেও তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে চায় বিরোধীরা।
স্পিকার নির্বাচনের পর আইজেনকোট বলেন, কাহানার নিয়োগ একটি যথাযথ গণতান্ত্রিক পদক্ষেপ। পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতিফলন এটি।
এরই মধ্যে নেসেটের অর্থ ও প্রতিরক্ষা কমিটিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটিতে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বিরোধী জোট। এর ফলে বাজেট ও কৌশলগত বিষয়ে সরকারের ওপর নজরদারির সুযোগ বেড়েছে। বিরোধী দল ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির দায়িত্ব নিয়ে ইতোমধ্যে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধানদের তলব করার ঘোষণা দিয়েছেন।
নেতানিয়াহুর বিদায়ী সরকারের বিচার বিভাগ সংস্কার বাতিল করা বিরোধীদের অন্যতম প্রধান লক্ষ্য। ২০২৩ সালে বিচার বিভাগে সরকারের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ ঘিরে ইসরাইলজুড়ে নজিরবিহীন বিক্ষোভ হয়েছিল। সমালোচকদের অভিযোগ, ওই সংস্কারের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সরকারের ওপর বিচার বিভাগের নজরদারি দুর্বল করা হয়েছিল।
এ ছাড়া বিচারক নিয়োগের পদ্ধতি পরিবর্তন এবং অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করা আইন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। গণমাধ্যম খাতে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো সংস্কারও প্রত্যাহার করতে চায় বিরোধীরা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরাইলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে আইজেনকোটের জোট। তবে নেতানিয়াহু এত দিন এ ধরনের তদন্তে রাজি হননি।
স্পিকার নির্বাচনে আরব দলগুলোর সমর্থন পাওয়ায় বিরোধীদের সমালোচনা করেছে লিকুদ পার্টি। ভোটের সময় নেতানিয়াহুর জোটের সদস্যরা কাহানাকে সমর্থন দেওয়া আরব আইনপ্রণেতাদের উদ্দেশে ‘লজ্জা’ বলে স্লোগান দেন। পরে লিকুদ পার্টি এই নির্বাচনকে নেসেটের ইতিহাসের নিম্নতম ঘটনা বলে অভিহিত করে। তাদের অভিযোগ, ‘সন্ত্রাসের সমর্থকদের’ ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন কাহানা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
