× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

ডেক্স রিপোর্ট

২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শহরের উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নতুন নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটির অ্যালডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণীয় করে রাখতে গত ২৩ সেপ্টেম্বর সড়কটির নামকরণের প্রস্তাব দেন গিলবার্ট ভিলেগাস। সেই প্রস্তাবের ভিত্তিতেই আপার ওয়াকার ড্রাইভের ওই অংশের নাম পরিবর্তন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেন, জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন, ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা স্থায়ী। এ কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো বিশ্বখ্যাত শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলন, এক-এগারোর রাজনৈতিক সংকট এবং পরবর্তী দীর্ঘ আন্দোলনে খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন এবং কারাবরণ করেছেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্রের জন্য তার আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.