ছবি: সংগৃহীত।
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন দেশটির বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার চীনের শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানের অংশ হিসেবে তিনি তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে প্রায় এক সপ্তাহ অবস্থান করে চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো জানান, এই অভিযানের মধ্য দিয়ে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে প্রথমবারের মতো বিদেশি নভোচারীর অংশগ্রহণ ঘটতে যাচ্ছে।
৪০ বছর বয়সী জিশান আলী শেনঝৌ-২৪ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন চীনের মহাকাশচারী ট্যাং হংবো ও উ ই। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি যাত্রা করার কথা রয়েছে। পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী তখন ভোর ৫টা ১৮ মিনিট।
ঝাং জিংবো জানান, মহাকাশে পৌঁছানোর পর মহাকাশযানটি প্রায় সাড়ে তিন ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তিয়াংগং স্টেশনের তিয়ানহে মডিউলের সঙ্গে যুক্ত হবে। সেখানে চীনা নভোচারীদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন জিশান আলী।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ থাকবেন তিনি। এ সময় চীন ও পাকিস্তানের যৌথ গবেষণা প্রকল্পগুলোর কাজ তদারক, নমুনা ও যন্ত্রপাতি স্থাপন এবং বিভিন্ন পরীক্ষা পরিচালনা করবেন।
মহাকাশে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, তিনি নিজের জন্য মহাকাশে যাচ্ছেন না। তার কাঁধে রয়েছে পাকিস্তানের নাম এবং দেশটির ২৫ কোটি মানুষের প্রত্যাশা।
দুই পাইলটের মধ্যে নির্বাচিত জিশান
জিশান আলী ও খুররম দাউদ— দুজনই পাকিস্তান বিমানবাহিনীর পাইলট। কয়েক ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। এ প্রক্রিয়ায় শারীরিক, মানসিক ও কারিগরি দক্ষতা যাচাই করা হয়েছিল।
চীনের মহাকাশ সংস্থা গত ২২ এপ্রিল তাদের রিজার্ভ নভোচারী হিসেবে ঘোষণা করে। পরদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ২৪ এপ্রিল বেইজিংয়ের অ্যাস্ট্রোনট সেন্টার অব চায়নায় প্রশিক্ষণ শুরু করেন তারা।
তবে চূড়ান্ত অভিযানে জিশান আলীকে নির্বাচন করা হলেও খুররম দাউদের নাম রাখা হয়নি। ভবিষ্যতে তিনি অন্য কোনো অভিযানে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই নভোচারীর প্রশিক্ষণের প্রশংসা করেছেন। তিনি জানান, প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের বিভিন্ন ধরনের সিমুলেটর, জরুরি পরিস্থিতি মোকাবিলা, শারীরিক সহনশীলতা এবং নতুন ভাষা শেখার মধ্য দিয়ে যেতে হয়েছে।
মহাকাশে হবে চারটি বৈজ্ঞানিক পরীক্ষা
চীনের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, এই অভিযানে জীবপ্রযুক্তি ও উপকরণবিজ্ঞানের ওপর চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর পাশাপাশি জিশান আলী সায়ানোব্যাকটেরিয়া নিয়ে একটি পরীক্ষা করবেন। এটি এমন এক ধরনের অণুজীব, যা সালোকসংশ্লেষণের মাধ্যমে শক্তি উৎপাদন করে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গবেষণার আওতায় থাকবে উপকরণবিজ্ঞান, তরল পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তি। এসব গবেষণার ফলাফল জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা এবং শিল্প খাতে নতুন উদ্ভাবনে কাজে লাগতে পারে।
পাকিস্তানের মহাকাশবিজ্ঞানী কামারুল ইসলাম জানান, সুপারকো দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব আহ্বান করার পর এসব পরীক্ষা নির্বাচন করেছে।
সুপারকোর ভাষ্য অনুযায়ী, মহাকাশ স্টেশনে পরীক্ষাগুলো স্থাপন ও প্রাথমিক তথ্য সংগ্রহ করবেন জিশান আলী। তবে চারটি গবেষণা সম্পন্ন করতে ছয় থেকে ১২ মাস সময় লাগতে পারে।
চীনা ভাষা শেখাই ছিল বড় চ্যালেঞ্জ
মহাকাশ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে জিশান আলীকে চীনা ভাষায় কারিগরি নির্দেশনা বুঝতে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। কারণ মহাকাশযানের সুইচ, সফটওয়্যার, বিভিন্ন কর্মসূচি এবং কণ্ঠনির্দেশনা চীনা ভাষায় পরিচালিত হয়।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রশিক্ষণের সবচেয়ে কঠিন অংশ ছিল চীনা ভাষা শেখা এবং প্রযুক্তিগত পরিভাষা আয়ত্ত করা। পাশাপাশি তাকে জরুরি উদ্ধার, প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সুপারকো ও চীনের সিএমএসএর মধ্যে নভোচারী সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই এই অভিযান আয়োজন করা সম্ভব হয়েছে।
চাঁদে যাওয়ার স্বপ্ন পাকিস্তানের
চীনের সঙ্গে মহাকাশ গবেষণায় সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। জিশান আলী মনে করেন, এই অভিযান দুই দেশের মহাকাশ সহযোগিতার নতুন অধ্যায় তৈরি করবে। ভবিষ্যতে যৌথভাবে আরও মহাকাশ অভিযান, এমনকি চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চীনের সহযোগিতায় ২০২৮ সালের দিকে একটি চন্দ্র অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৪ সালে চীনের চ্যাং'ই-৬ অভিযানের মাধ্যমে পাকিস্তানের তৈরি আইকিউব-কামার স্যাটেলাইট চাঁদের কক্ষপথে পৌঁছেছিল।
অন্যদিকে চীন ২০৩০ সালের মধ্যে নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশটি নতুন প্রজন্মের রকেট ও মহাকাশযানের পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছে।
পাকিস্তানের জন্য এই মানববাহী মহাকাশ অভিযান কেবল মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা নয়, বরং চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরির সুযোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
