বাজার থেকে লেবু কিনে এনে কয়েক দিন রেখে দিলেই অনেক সময় তা শুকিয়ে যায় কিংবা পচতে শুরু করে। ফ্রিজে রাখলেও সঠিকভাবে সংরক্ষণ না করলে লেবু বেশিদিন ভালো থাকে না। বাইরে থেকে শক্ত মনে হলেও দীর্ঘদিন সতেজ রাখতে লেবুর জন্য প্রয়োজন সঠিক সংরক্ষণ পদ্ধতি। মূলত লেবু কত দ্রুত আর্দ্রতা হারাবে, তা অনেকটাই নির্ভর করে কীভাবে এটি রাখা হচ্ছে তার ওপর।
চলুন জেনে নেওয়া যাক লেবু সতেজ ও ভালো রাখার কিছু পদ্ধতি-
ফ্রিজে রাখুন সঠিকভাবে
লেবু ফ্রিজের ক্রিস্পার ড্রয়ারে রাখা যেতে পারে। তবে আস্ত লেবু সরাসরি ফ্রিজে না রেখে বায়ুরোধী ব্যাগ বা পাত্রে রাখা ভালো। এতে ফ্রিজের শুষ্ক বাতাসে লেবুর আর্দ্রতা দ্রুত হারিয়ে যাওয়ার আশঙ্কা কমে।
তবে লেবুর সঙ্গে আপেল, কলা বা তরমুজের মতো ইথিলিন গ্যাস উৎপাদনকারী ফল রাখা এড়িয়ে চলুন। এসব ফল থেকে নির্গত ইথিলিন গ্যাস আশপাশের ফল ও সবজির পাকাভাব এবং পচন দ্রুত বাড়িয়ে দিতে পারে।
পানিতে ডুবিয়ে রাখুন
লেবু দীর্ঘদিন সতেজ রাখার আরেকটি কার্যকর পদ্ধতি হলো পানিতে সংরক্ষণ করা। একটি পরিষ্কার বয়াম বা পাত্রে পানি নিয়ে তাতে গোটা লেবু ডুবিয়ে দিতে পারেন। এরপর পাত্রটি ভালোভাবে ঢেকে ফ্রিজে রাখুন।
পানি লেবুর খোসার ক্ষুদ্র ছিদ্রগুলো কার্যত ঢেকে রাখে। ফলে লেবুর ভেতরের আর্দ্রতা সহজে বাষ্প হয়ে বেরিয়ে যেতে পারে না। এই পদ্ধতিতে লেবু কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সতেজ ও রসালো থাকতে পারে।
কাটা লেবু কীভাবে রাখবেন?
লেবুর অর্ধেক অংশ ব্যবহারের পর বাকি অংশটি সংরক্ষণ করতে চাইলে কাটা অংশটি প্লাস্টিকের মোড়ক দিয়ে ভালোভাবে মুড়ে ফ্রিজে রাখুন। চাইলে অর্ধেক বা টুকরো করা লেবু বায়ুরোধী পাত্র কিংবা পুনরায় বন্ধ করা যায় এমন ব্যাগেও রাখা যায়। এভাবে সংরক্ষণ করলে কাটা লেবু সাধারণত আরও পাঁচ থেকে সাত দিন ভালো থাকে।
লেবুর রস সংরক্ষণ
লেবু চিপে রস বের করে পরিষ্কার বয়ামে ভরে ফ্রিজে রাখা যায়। তবে এভাবে সংরক্ষণ করা লেবুর রস সাধারণত প্রায় চার দিন পর্যন্ত ভালো থাকে।
আরও দীর্ঘ সময় রাখতে চাইলে লেবু হিমায়িত করে সংরক্ষণ করা সবচেয়ে কার্যকর উপায়। আস্ত লেবু, লেবুর রস কিংবা খোসা—সবই প্রায় চার মাস পর্যন্ত ফ্রিজারে সংরক্ষণ করা সম্ভব। ফলে প্রয়োজন অনুযায়ী আগে থেকেই লেবু সংরক্ষণ করে রাখলে অপচয় কমানোর পাশাপাশি দীর্ঘদিন এর ব্যবহারও নিশ্চিত করা যায়।