শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বককে ভেতর থেকে কোমল ও উজ্জ্বল রাখতে বাদাম, আখরোট, হালিম বীজ, এলাচ এবং জাফরান দিয়ে তৈরি একটি পুষ্টিকর উষ্ণ পানীয়ের কথা ভাবতে পারেন। কারণ শীতের হাওয়া বইতে শুরু করলেই ত্বকে টান ধরতে থাকে। আর্দ্রতা কমে যাওয়ায় মুখের চামড়া হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক।
এই সময়ে ত্বকের যত্নে শুধু প্রসাধনী ব্যবহার করলেই হবে না, চাই আপনার শরীরের ভেতর থেকেও প্রয়োজন পুষ্টি ও পর্যাপ্ত পানির জোগান। সে কারণে শীতের দিনে ত্বকের যত্নে এমনই এক বিশেষ পানীয় পান করতে পারেন।
কাজুবাদাম, আখরোট, হালিম বীজ, এলাচ, জাফরান ও দুধ দিয়ে সহজেই তৈরি করা যায় এ পানীয়। তবে শুধু এই পানীয় খেলেই যে, ত্বকের শুষ্কতা দূর হবে— এমনটি ভাবার নয়। ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করাও ভীষণ জরুরি।
উপকরণ
২-৩টি কাজুবাদাম
২-৩টি আখরোট
সামান্য হালিম বীজ
স্বাদ ও সুগন্ধ অনুযায়ী এলাচ
জাফরান
এক কাপ দুধ
প্রণালি
প্রথমে কাজুবাদাম, আখরোট ও হালিম বীজ ২-৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে দিন। এরপর পানি ঝরিয়ে উপকরণগুলো ভালোভাবে বেটে নিন। এরপর একটি পাত্রে দুধ গরম করে তাতে এলাচ ও জাফরান মিশিয়ে নিন। এবার বাদাম ও বীজের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে তুলে ফেলুন। এরপর হালকা গরম থাকতেই পান করুন। গরুর দুধ সহ্য না হলে আমন্ড বা ওটসের দুধও ব্যবহার করতে পারেন।
আর কাজুবাদাম এবং আখরোটে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও কোমলতা বজায় রাখতে সহায়ক। আর হালিম বীজে রয়েছে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান। অন্যদিকে এলাচ ও কেশর পানীয়টির স্বাদ ও সুগন্ধ বাড়ায়। দুধ ও বাদামের এই মিশ্রণ শীতের দিনে শরীরকে আরাম দেওয়ার পাশাপাশি পুষ্টির জোগানও দিতে পারে।