অনেক প্রতীক্ষার অবসান
অবশেষে তার সঙ্গে দেখা হতে যাচ্ছে।
অনেক মেঘ পেরিয়ে, অন্ধকার মাড়িয়ে
সেই কাঙ্ক্ষিত হাত ছোঁয়ার অপেক্ষায়।
কতটা কাঙ্ক্ষিত ছিল এই দীর্ঘ চাওয়া
অনাকাঙ্ক্ষিত নয় মোটেও এই পাওয়া।
হতে পারত দেখা আরও ত্রিশ বছর আগে
যদি বাধা না পড়ত নিয়তির কোনো রাগে।
দেখা না হওয়াটাই ছিল আমাদের ললাট লিখন
অপেক্ষায় ক্ষয় হলো আজীবন ঘর-মন।
চাঁদ আর তারার দূরত্ব খুঁজে আজ সারা
স্মৃতিরা হৃদয়ে দিয়েছে কেবলই হানা।
ছিল না তো আকাশকুসুম কোনো এক কল্পনা
শুধু সাহসের অভাবেই জমে ছিল জল্পনা।
হয়তো সাহসের খরা, নয়তো নিয়তির দায়
যৌবন ফুরিয়ে আজ মিলনের মোহনায়।
ক্ষীণ এক সম্ভাবনা জেগেছে এখন মনে
মিলব কি আজ তবে দীর্ঘ এই ক্ষণে?
ত্রিশ বছরের ব্যবধান ঘুচুক চোখের ইশারায়
বাকি পথটুকু চলব না হয় মায়ারই আশায়।
- পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা।