রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি ঘাট এলাকার ডাস্টবিনের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মো. সাব্বির নামে এই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কামরাঙ্গীরচর থানার এসআই ওমর ফারুক খান গতকাল বুধবার সকালে এ বিষয়ে নিশ্চিত করেন।
স্থানীয়রা ডাস্টবিনের পাশে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এই পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাতের দিকে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সাব্বির কামরাঙ্গীরচর হুজুরপাড়ার খালেক মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।
কামরাঙ্গীরচর থানার এসআই ওমর ফারুক খান বলেন, নিহতের বয়স আনুমানিক ২০ বছর। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।