ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হয়েছে। যা আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে। আজ রোববার (২৪ আগস্ট) বেলা ১২টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার উপস্থিত আছেন।
চার দিনের শুনানির প্রথম দিনে থাকছে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসন। শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌঁসুলিকে উপস্থিত থাকতে হবে।
ইসি জানিয়েছে, সব মিলিয়ে দুই পক্ষের ১০ জন প্রতিনিধিকে শুনানিতে উপস্থিত থাকতে দেয়া হবে। শুনানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচন ভবনের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে।
সীমানা আপত্তি নিয়ে অনেকে ইতোমধ্যে বিক্ষোভ করায় এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ অগাস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। আগামী ২৭ অগাস্ট পর্যন্ত শুনানি নিয়ে দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি।