দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) তাকে বদলি করে দুদকের এনআইএস এবং উন্নয়ন সহযোগী ও সমন্বয় (দেশীয়) বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, খান মো. মীজানুল ইসলামের বিরুদ্ধে কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট ব্যক্তি, এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে। পরে কমিশনের নির্দেশে করা অনুসন্ধানে প্রমাণ মেলে যে, মীজানুল ইসলাম গত ১৭ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ২০ আগস্ট ছাড়পত্র নেন। তবে চিকিৎসার বকেয়া দুই লাখ ৪ হাজার ১৩২ টাকা তিনি নিজে না দিয়ে মাহাবুবুল আনামের গ্যারান্টির ভিত্তিতে ছাড়পত্র নেন।
দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির ০৩/২০২৫ নং সভায় (৪ সেপ্টেম্বর) বিষয়টি উত্থাপন করা হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক জানায়, অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।