× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে, প্রচুর বিস্ফোরকসহ আটক ৪

ডেস্ক রিপোর্ট।

২১ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানকালে আটক করা হয় চারজনকে। পরে বসিলা আর্মি ক্যাম্পে এসব ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

আজ সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বসিলা ক্যাম্পে প্রথমে ১৮টি ও পরে ১৪টি—মোট ৩২টি ককটেল নিষ্ক্রিয় করা হয়। ককটেলগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

পরে এক ব্রিফিংয়ে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির উপকরণ ও মাদক উদ্ধার করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে প্রথম দফায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র ও তিনটি স্প্রিন্টার পাওয়া যায়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে জেনেভা ক্যাম্পে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে একটি বাসার দুটি কক্ষ থেকে একজনকে আটক করা হয় এবং সেখান থেকেই পাওয়া যায় ৩২টি তাজা ককটেল, মার্বেল, গান পাউডার ও বিস্ফোরক তৈরির অন্যান্য সামগ্রী।

অভিযানের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আরও জানান, ককটেলগুলো ব্লেন্ডার মেশিনের সাহায্যে মার্বেল ও গান পাউডার মিশিয়ে তৈরি করা হয়েছিলো। অপরাধীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.