× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সহকর্মীদের জন্য মাতৃত্বকালীন-পরবর্তী সাপোর্ট প্রোগ্রাম চালু করল ব্র্যাক ব্যাংক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নারী সহকর্মীদের জন্য মাতৃত্বকালীন-পরবর্তী সাপোর্ট প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ব্যাংক। সন্তান জন্মদানের পর নারীরা যাতে আত্মবিশ্বাস, মর্যাদা এবং সুস্থতা নিয়ে কর্মক্ষেত্রে ফিরে আসতে পারেন, এই লক্ষ্যেই ব্যাংকটি এই পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন-টু-ওয়ার্ক সাপোর্ট প্রোগ্রাম চালু করেছে।


উদ্যোগটি একটি সমন্বিত উদ্যোগ, যেখানে নারী সহকর্মীদের জন্য রয়েছে মাতৃত্বকালীন ছুটির আগে, ছুটি চলাকালীন এবং ছুটি পরবর্তী সময়ে পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহায়তা। মাতৃত্বকালীন সময়ে কর্মজীবী মায়েরা যে শারীরিক, মানসিক ও পরিবেশগত বাস্তবতার মুখোমুখি হন, সেই চ্যালেঞ্জগুলোর সমাধানের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এই উদ্যোগটি গ্রহণ করেছে।


এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো মাতৃত্বকালীন ছুটির আগে যথাযথ পরিকল্পনা, ছুটিকালীন সময়ে শারীরিক ও মানসিক যত্ন এবং কাজে ফেরার পর নারীদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা। এর আওতায় রয়েছে পেশাদার কাউন্সেলিং ও চিকিৎসকের পরামর্শ, ছুটিকালীন ঐচ্ছিক যোগাযোগ কার্যক্রম, টিম ও লাইন ম্যানেজারদের জন্য সচেতনতা সেশন এবং ছুটিশেষে কাজে ফেরার প্রক্রিয়াকে সহজ ও নমনীয় করা।


কাজে ফেরার পর প্রত্যেক মা পাবেন ব্যক্তিকেন্দ্রিক সহায়তা। এগুলোর মধ্যে রয়েছে নমনীয় কর্মঘণ্টা, টিমের অন্যান্য সহকর্মীদের সাপোর্ট এবং বাস্তবমুখী অন্যান্য সহায়তা, যাতে নারীদের জন্য কর্মক্ষেত্রে ফিরে আসা সহজতর হয়।


এই উদ্যোগে মানসিক সুস্থতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েদের জন্য পোস্ট-পার্টাম ডিপ্রেশন বিষয়ে গ্রুপ সেশন, কাউন্সেলিং সাপোর্ট এবং ডে-কেয়ার ও কেয়ারগিভার সুবিধা সম্পর্কিত তথ্য প্রদান করা হবে, যা কর্মক্ষেত্রের বাইরেও সহকর্মীদের সুস্থতার ব্যাপারে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।


এছাড়াও, এই প্রোগ্রামে লাইন ম্যানেজার ও এইচআর বিজনেস পার্টনারদের সুস্পষ্ট ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে সঠিক ও পক্ষপাতহীন মূল্যায়ন এবং ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে।


এমন উদ্যোগের প্রশংসা করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “মাতৃত্ব একজন নারীর জীবনে এক অনন্য ও সুন্দর অধ্যায়। আমরা চাই, মাতৃত্বকালীন ছুটিশেষে কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েরা যেন আত্মবিশ্বাস ও মর্যাদার সাথে কাজ করতে পারেন। ব্র্যাক ব্যাংক প্রতিটি ধাপে মায়েদের পাশে আছে। আমাদের এই উদ্যোগটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”


একটি মূল্যবোধনির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, নারী সহকর্মীদের মাতৃত্বকালীন সময়ে সহায়তা  করা মানে তাঁদের কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং একটি প্রগ্রেসিভ ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটির দায়িত্ব। এমন উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সেই নৈতিক মূল্যবোধকেই সমুন্নত করে চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.