দেশে সিমুলেশন-ভিত্তিক গবেষণা, একাডেমিক চর্চা এবং শিল্পখাতের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত করার লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘বাংলাদেশ সোসাইটি ফর মডেলিং অ্যান্ড সিমুলেশন’ (বিএসএমএস)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ০১ ফেব্রুয়ারি ২০২৬, (রোববার) বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির উদ্বোধন করা হয়।
বিএসএমএস মূলত ‘এশিয়ান সোসাইটি ফর মডেলিং অ্যান্ড সিমুলেশন’ (এশিয়াসিম)-এর একটি জাতীয় শাখা হিসেবে কাজ করবে। এশিয়াসিম একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে মডেলিং ও সিমুলেশন প্রযুক্তির উন্নয়ন, গবেষণা এবং এর বাস্তব প্রয়োগ সম্প্রসারণে নিবেদিত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন মোল্লা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট খাতের পেশাজীবীসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সম্মতিক্রমে আগামী এক বছর মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন। মেম্বার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব ন্যাচারাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. মাহতাব উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষাবিদ ও গবেষকগণ মডেলিং ও সিমুলেশন প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. আবদুল হাকিম, অধ্যাপক বাবুল হাসান, অধ্যাপক ড. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. আবদুল আলীম, অধ্যাপক ড. জালাল উদ্দিন, অধ্যাপক নাসরিন আক্তার, অধ্যাপক ড. মাহতাব ইউ আহমেদ, অধ্যাপক ড. ওসমান গনি, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. বিমল চন্দ্র এবং ড. আল আমিন সহ আরও অনেকে।
বক্তারা আশা প্রকাশ করেন যে, বিএসএমএস ভবিষ্যতে একটি শক্তিশালী একাডেমিক ও গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক হবে।
আয়োজকরা জানান, এই উদ্যোগ বাংলাদেশে মডেলিং ও সিমুলেশন গবেষণায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল এবং সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে এই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করবে এই সোসাইটি।