প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টা নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংসদ সদস্যদের শপথ বাক্য সাধারণত জাতীয় সংসদের স্পিকার পড়ান। কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।