× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির বিশেষ অভিযান

ডেস্ক রিপোর্ট।

০৪ এপ্রিল ২০২৬, ১৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মতো বড় ধরনের অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকেই শহরের আটটি ট্রাফিক জোনে একযোগে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সকাল থেকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চলতে দেখা যায়। এ সময় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আমরা ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করছি। তবে জনদুর্ভোগ লাঘবে পুলিশের নির্দেশনা অমান্য করলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আগেভাগেই তাদের মালামাল ও দোকানপাট সরিয়ে নিচ্ছেন। ডিএমপির ট্রাফিক বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান-এই আটটি জোনেই একযোগে অভিযান চলছে।

অভিযানের লক্ষ্য মূলত সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা খাবারের দোকান, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং কারখানা এবং আসবাবপত্রের দোকানগুলো। ফুটপাত ও মূল সড়ক দখল করে এসব ব্যবসা চলায় নগরজুড়ে তীব্র যানজট ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানায় ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীকে যানজটমুক্ত এবং সাধারণ মানুষের হাঁটার পথ সুগম রাখতে এই উচ্ছেদ অভিযান এখন থেকে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.