× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মা সেতুতে ইটিসি রেজিস্ট্রেশন শুরু, মিলবে যেসব সুবিধা

ডেস্ক রিপোর্ট।

০৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৬ পিএম

ছবি: সংগৃহীত।

দেশের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর লক্ষ্যে সেতুর উভয় প্রান্তের জেলাগুলোতে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগ সরকারের স্মার্ট ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যের অংশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টোল আদায় প্রক্রিয়াকে দ্রুত ও স্বয়ংক্রিয় করতে আধুনিক এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের নির্দেশনা ও তদারকিতে কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করতে যানবাহন মালিক ও চালকদের মধ্যে নিয়মিত লিফলেট বিতরণ করা হচ্ছে।

গত ৩ এপ্রিল ফরিদপুরে গোল্ডেনলাইন পরিবহনের বাস ডিপোতে পোর্টেবল আরএফআইডি স্ক্যানারের মাধ্যমে মাঠ পর্যায়ে ইটিসি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। এছাড়া মাওয়া প্রান্তে স্থাপিত নির্ধারিত বুথে সপ্তাহের যেকোনো দিন রেজিস্ট্রেশন করা যাচ্ছে। পর্যায়ক্রমে মাদারীপুর বাস টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। 

এ পর্যন্ত মোট ৫৪৬টি যানবাহন ইটিসি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

বর্তমানে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করা যাচ্ছে। ইটিসি ব্যবহারের ফলে যানবাহনগুলো টোল প্লাজায় না থেমে নির্ধারিত গতিসীমার মধ্যে থেকেই সহজে পারাপার করতে পারছে।

ইটিসি চালুর ফলে ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন-

নন-স্টপ যাতায়াত : টোল প্লাজায় থামতে হবে না; ফলে দীর্ঘ যানজট এড়ানো সম্ভব, সময় ও জ্বালানি সাশ্রয় : স্বয়ংক্রিয় টোল ব্যবস্থায় দ্রুত পারাপার নিশ্চিত হবে, ক্যাশলেস লেনদেন : ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সহজে টোল পরিশোধ ও তাৎক্ষণিক তথ্য : প্রতিটি লেনদেনের পর এসএমএসের মাধ্যমে টোলের তথ্য পাওয়া যাবে।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। ইটিসি চালুর ফলে পদ্মা সেতুতে যানবাহন দ্রুততম সময়ে পারাপার হতে পারবে; যা দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর উভয় প্রান্তের জেলাগুলোতে নির্ধারিত বুথে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। যানবাহন মালিক ও চালকদের দ্রুত ইটিসি রেজিস্ট্রেশন সম্পন্ন করে আধুনিক এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনকারী পদ্মা সেতু ইতোমধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। ইটিসি চালুর মাধ্যমে এ সেতুর সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.